মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর।।
দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনাজপুর এডিপি (এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম) কর্তৃক আয়োজিত কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
৬ আগষ্ট ২০২৬ বৃহস্পতিবার দিনাজপুর এবিপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে দিনাজপুর এপিসি এর সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমান সময়ে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ তরুণ-তরুণী ও নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত উপকারভোগীদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবার ও সমাজের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য তিনি ওয়ার্ল্ড ভিশন এবং দিনাজপুর এডিপিকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সেবাষ্টিয়ান পিউরীফিকেশন বলেন, ওয়ার্ল্ড ভিশন দীর্ঘদিন ধরে শিশু, পরিবার ও কমিউনিটির জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগীদের দক্ষতা বৃদ্ধি করে নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্তরা সেলাই মেশিনের সঠিক ব্যবহার করে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন।
উল্লেখ্য, দিনাজপুর এডিপির উদ্যোগে এক মাসব্যাপী (৩০ দিন) সেলাই প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১০ জন উপকারভোগী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণ শেষে তাদের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যাতে তারা ঘরে বসেই আয়বর্ধক কার্যক্রম পরিচালনা করতে পারেন এবং আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডী।

