নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর কন্ঠ:
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস্ দিনাজপুর এর বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর দিনাজপুর এপির সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন দিনাজপুর গড়ার প্রত্যয়ে “গ্রীন অ্যান্ড ক্লিন দিনাজপুর” কর্মসূচির আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান।
২৭ জুলাই ২০২৬ সোমবার সকালে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনিক ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৈতন্য কুমার রায়, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, সদর, দিনাজপুর; মোঃ আকরাম হোসেন, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা; সাবিনা ইয়াসমিন, সম্পাদক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা; দীপা রোজারিও, টেকনিক্যাল স্পেশালিস্ট (লাইভলিহুড), দিনাজপুর এপিসিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ; পেট্রিক রুরাম, স্পন্সরশিপ অ্যান্ড চাইল্ড প্রটেকশন অফিসার, দিনাজপুর এপিসিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ; উজ্জ্বল রেমা, সিনিয়র প্রোগ্রাম অফিসার, দিনাজপুর এপিসিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ; কচি হালদার, স্পন্সরশিপ অ্যান্ড সিস্টেম অফিসার, দিনাজপুর এপিসিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং রিমি রোজারিও, জুনিয়র প্রোগ্রাম অফিসার, দিনাজপুর এপিসিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। মোঃ নাঈম বাদশা, সভাপতি, তারুণ্যের স্বপ্ন যুব সংগঠন, সদর, দিনাজপুর।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তারা পরিবেশ রক্ষায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, অধিক হারে বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তরুণ সমাজকে পরিবেশ সংরক্ষণে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করেন। এ সময় স্থানীয় যুবসমাজ, স্বেচ্ছাসেবক, স্কাউট সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, “গ্রীন অ্যান্ড ক্লিন দিনাজপুর” কর্মসূচির মাধ্যমে জেলার ১৩ টি উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য দিনাজপুর গড়ে তোলা সম্ভব হয়।

