নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর কন্ঠ॥
“মেধার বিকাশ, আগামীর জয়গান” এবারের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এডিপি’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর সদরের ও দিনাজপুর পৌরসভার ১৩০ জন নিবন্ধিত শিশু এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও আমার জীবন, আমার স্বপ্ন বিষয়ক আলোচনা সভা ।
২৪ আগস্ট ২০২৬ সোমবার জেলা প্রশাসকের সভা কক্ষে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কৃতি ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, এডিসি (শিক্ষা ও আইসিটি) মোঃ মাজহারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এর সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন।
শিক্ষার অগ্রগতি বিষয়ক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ। ওয়ার্ল্ড ভিশন কর্তৃক প্রকাশিত আমার জীবন-আমার স্বপ্ন বই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কচি প্রস্তুতি হালদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল ওহেদ, শহিদ জমির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল হামিদ ও জুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন বাবলু।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন দীপা রোজারিও। অনুভূতি ব্যক্ত করেন কৃতি ছাত্রী জাফরিন আক্তার, ছাত্র আকাশ রায়। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন লক্ষন সিং ও রনজিতা খাতুন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, তোমরা শুধু এখন কলি। ফুল ফুটতে অনেক সময় লাগবে। এর মধ্যে অনেক কলি ঝরেও পড়বে। মনে রাখবে তোমরা তোমাদের বাবা-মায়ের কথা শুনবে। পিতা-মাতা শিক্ষকদের কথা শুনবে। পড়াশোনার পাশাপাশি বিনোদনমূলক কাজে লিপ্ত থাকবে। তাহলে মন ও শরীর ভালো থাকবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান বলেন, তোমাদের পড়াশোনার জীবন শুরু হলো, তোমাদের স্বপ্ন পুরন করতেই তোমাদের স্বপ্ন দেখতে হবে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশু ও যুবদের জীবন স্বপ্ন তৈরী ও বাস্তবায়ন কৌশল নির্ধারণের জন্য এই ক্ষুদ্র বই আমার জীবন-আমার স্বপ্ন প্রকাশ করেছে।

